লাকসামে নাগরিক সেবার অনলাইন কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২০:৫৯

বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ” বিনির্মানের সূত্রধরে এলজিডি সেবা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লাকসাম পৌরসভার নাগরিক সেবা সমূহের অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১২ অক্টোবর) লাকসাম পৌরসভা, কুমিল্লা এর মোঃ তাজুল ইসলাম কনফারেন্স হলে ভার্চুয়ালি উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এই সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের সহ পৌরসভার কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তাবৃন্দ। 

লাকসামে নাগরিক সেবার অনলাইন কার্যক্রম উদ্বোধন

উদ্বোধনকালে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, পৌরসভা পর্যায়ে অনলাইনে সেবা প্রদান কার্যক্রম এর সুফল জনগণ এবং জনপ্রতিনিধি উভয় পক্ষই ভোগ করবে, যা স্থানীয় সরকার পর্যায়ে জনগণের সেবা মানুষের দোরগোড়ায় নয় মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সক্ষম হবে। 

এর ফলে লাকসাম পৌরসভা বাংলাদেশের একটি মডেল পৌরসভায় পরিণত হওয়ার আশা ব্যক্ত করেন মন্ত্রী।

উল্লেখ্য, https://laksam.paurasheba.com/ ডোমেইন ব্যবহার করে অথবা মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে বিশ্বের যেকোন স্থান হতে অতি অল্প সময়ে নির্ভুল ভাবে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে নাগরিক অনলাইনে তার  কাঙ্খিত সনদ প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন।

পরবর্তীতে পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাক্স কর্মকর্তা, কাউন্সিলর এবং মেয়র মহোদয়ের অনুমোদন সাপেক্ষে মেয়র মহোদয়ের ডিজিটাল স্বাক্ষর সম্বলিত সনদ নাগরিক তার প্যানেল থেকে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। 

পৌরসভা ডিজিটাল সেন্টার থেকেও ডিজিটাল সনদের  আবেদন ও প্রাপ্তির সুযোগ রয়েছে। 

উক্ত ডিজিটাল সনদ সুরক্ষিত QR Code সম্বলিত এবং জাতীয় পরিচয়পত্র যাচাইকারী প্রতিষ্ঠান পরিচয়ের সাথে ইন্ট্রিগেটেড থাকায় জাল সনদ তৈরী শতভাগ ঝুঁকিমুক্ত।

ইত্তেফাক/এএইচপি