ধনী-গরিবের বৈষম্য দূরীকরণে স্পষ্ট কিছু বলা নেই : মেনন

আপডেট : ১৪ জুন ২০১৯, ০০:৩০

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাত্ক্ষণিকভাবে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ১৪ দলের কয়েকটি শরিক দলের নেতা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রস্তাবিত বাজেটে ধনী-গরিবের বৈষম্য দূরীকরণে স্পষ্ট কিছু বলা নেই। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এই বাজেট অত বড় নয়। এই বাজেট বাস্তবায়নযোগ্য। আর বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল বলেছেন, বাজেট পুরোটা শুনে মনে হলো স্বপ্নচারী হতে মানা নেই, বাস্তবতা ভিন্ন কথা। গতকাল বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর সংসদ ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে তারা এই প্রতিক্রিয়া জানান।

রাশেদ খান মেনন বলেন, আমরা মানে এই জনগণ, বাজেটের এই সমৃদ্ধির পেছনে কাজ করা সেই জনগণ, শ্রমিক, কৃষক, উদ্যোক্তা, নারী এদের বিষয়ে সুস্পষ্ট কিছু বলা নেই। সম্পদ পুনর্বণ্টনের বিষয়েও কোনো ইঙ্গিত নেই। তিনি আরো বলেন, এখানে মুষ্টিমেয় ধনিক গোষ্ঠীর হাতে সম্পদ কুক্ষিগত হচ্ছে। একটা বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষকদের সহায়তার কথা এক লাইনে বলা আছে। নির্দিষ্ট কিছু আমি পাইনি। দারিদ্র্য নিরসনের  ক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে সবার জন্য কর্মসংস্থানের কথা বলা হলেও এই সময়ের মধ্যে যুব সমাজের কী হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, গত ১০ বছরে আমরা যেসব বাজেট দিয়েছি, প্রতিবছরই বাজেটের আকার বাড়ানো হয়েছে। প্রশ্ন হচ্ছে এতবড় বাজেট বাস্তবায়নযোগ্য কিনা। আমি আপনাদের তথ্য দিয়ে বলব গত ১০ বছরে যেসব বাজেট দিয়েছি তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় সফল হয়েছি। সবকিছু মিলে আমি মনে করি বড় বাজেট দেওয়ার সক্ষমতা শেখ হাসিনা অর্জন করেছেন। সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনারও সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে।