ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ের বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ অক্টোবর) ৫৯ বছর বয়সী ফায়েজেহ হাশেমির বিরুদ্ধে এ অভিযোগ করে দেশটির বিচার বিভাগ। ২৭ সেপ্টেম্বর তাকে এই অভিযোগে গ্রেফতার করা হয়। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, ইরানে পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে তেহরানের বাসিন্দাদের অংশ নিতে উসকানি দেওয়ার অভিযোগে ফায়েজেহ হাশেমিকে গ্রেফতার করা হয়। তিনি দেশটির সাবেক সংসদ সদস্য ছিলেন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি সাংবাদিকদের জানান, হাশেমির বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করা হয়েছে।
গত জুলাই মাসে তার বিরুদ্ধে দেশের অপপ্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মনিন্দার অভিযোগ রয়েছে। হাশেমির বিরুদ্ধে এর আগেও এমন কয়েকটি অভিযোগ রয়েছে।
তার বাবা আকবর হাশেমি রাফসানজানি ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান। পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পক উন্নয়নের জন্য তিনি বেশ আলোচিত ছিলেন।
