রাজধানীর শুক্রাবাদের এক বাসায় রূপচর্চা সেবার কথা বলে ডেকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলো-রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন সিয়াম (২৩)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই ঘটনায় জড়িত এক নারীসহ আরও দুজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিউ মডেল কলেজের শিক্ষার্থী রিয়াদ তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে এলাকায় বেশ প্রভাব নিয়ে চলাফেরা করেন। এলাকায় তিনি ‘টিকটক রিয়াদ’ নামে পরিচিত। শুক্রাবাদের ওই বাসায় বাবা-মা ও বোনের সঙ্গে তিনি থাকেন। তবে ঘটনার সময় তারা বাসায় ছিলেন না।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পার্লারের কাজের জন্য একটি ফোন আসে। এক নারী তাকে ধানমণ্ডি ২৮ নম্বর সড়কে যেতে বলেন। সে অনুযায়ী ওই বাসায় গেলে তাকে ভবনের দোতালায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে এক নারী ছাড়াও তিন যুবক তিনি দেখেন। ওই যুবকরাই তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ধর্ষণ করে।
সাত মাস আগে বিয়ে হওয়া ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার স্বামী পুলিশকে জানিয়েছেন।
