যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে :পুতিন

আপডেট : ১৪ জুন ২০১৯, ০০:৩৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক খুব শিগগিরই তলানিতে গিয়ে ঠেকবে। বৃহস্পতিবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাত্কারে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের আরোপিত একগাদা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পুতিন একথা বলেন। পুতিন এ মাসে জি-২০ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রেরর সঙ্গে সম্পর্ক নিয়ে এ নেতিবাচক মন্তব্য করলেন। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত্ও করতে পারেন তিনি।

সিরিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগসহ নানা বিষয় নিয়েই মস্কো-ওয়াশিংটন সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যেই  টিভি চ্যানেলকে পুতিন বলেছেন, ‘আমাদের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। তা কেবল খারাপ আর খারাপই হচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন সাম্প্রতিক কয়েক বছরে রাশিয়ার বিরুদ্ধে কয়েক ডজন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চাপিয়েছে। দুঃখজনক হলেও আমাদের এসব বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে।’ তিনি জানান ইতিমধ্যে চীনের সঙ্গে তাদের বাণিজ্য ১০৮ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছেন।