চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে এক বিরল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। কোভিড মহামারি নিষেধাজ্ঞার প্রতিবাদ করে বেইজিংয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের কয়েক দিন আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে বেইজিংয়ের উত্তর–পূর্ব প্রান্তের একটি সেতুতে দুইটি প্রতিবাদী ব্যানার নিয়ে জড়ো হওয়া লোকজন দেখা গেছে। পরে দ্রুত স্থানীয় কর্তৃপক্ষ এসে মিছিলটি ভেঙে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বেইজিংয়ের হাইদিয়ান জেলার একটি ব্রিজে দুইটি বড় আকারের ব্যানার ঝুলতে দেখা যায়। সেই ব্যানার দুইটির একটিতে লেখা, 'আর কোনো কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। আর কোনো বাধা নয়, স্বাধীনতা চাই। আর কোনো মিথ্যা নয়, মর্যাদা চাই। আর কোনো সাংস্কৃতিক বিপ্লব নয়, সংস্কার চাই। আর কোনো নেতা নয়, আমরা ভোট দিতে চাই। আর দাসত্ব নয়, আমরা নাগরিক অধিকার চাই।'
আগামী রোববার (১৬ অক্টোবর) চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই কংগ্রেসে সারা চীনের অন্তত ২ হাজার ৩০০ জন প্রতিনিধি অংশ নেবেন।
ধারণা করা হচ্ছে, এই কংগ্রেসের শি জিনপিংকে তৃতীয় মেয়াদে দলীয় এবং রাষ্ট্র প্রধান হিসেবে মনোনীত করা হবে। এর মাধ্যমে কমিউনিস্ট পার্টির কয়েক দশকের ঐতিহ্য ভেঙে যেতে পারে।
