টি-২০ ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা নতুন কিছু না। আর তার অন্যতম কারণ টি-২০ মেজাজে ব্যাটাররা ব্যাটিং করতে না পারা। স্কটল্যান্ড, নামিবিয়ার মতো আইসিসির সহযোগী দলগুলো যেখানে মারমুখি ব্যাটিং করে যাচ্ছে সেখানে টি-২০ ক্রিকেটের সঙ্গে তাল মিলাতে ব্যর্থ টাইগার ব্যাটাররা।
সোমবারে (১৭ অক্টোবর) টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত গণমাধ্যমকে বলেন, 'টি-২০ তে ১৩৫ স্ট্রাইক রেটে ব্যাট করার মতো কেউ আমাদের কখনোই ছিল না। এই জায়গায় আমাদের উন্নতি করা খুবই প্রয়োজন। আমাদের কোচিং স্টাফ থেকে সবাই অনেক চেষ্টা করছেন। এখন ডেলিভার করার পালা। আমাদের টপ অর্ডাররা শীঘ্রই সেটা করবে বলে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপে ভালো করবো।'
বাংলাদেশের টপ অর্ডাররা ভালো করলেই দলের ঘুরে দাঁড়াবে বলে মনে করেন মোসাদ্দেক। তিনি আরও বলেন, 'আমাদের সময় খুব খারাপ যাচ্ছে। সবাই যখন একসঙ্গে ভালো করা শুরু করবো তখন ভালো কিছুই হবে। খেলোয়াড়রা সবাই সবার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে জানে। টপ অর্ডার থেকে একজন ভালো করলেই দলের চেহারা পাল্টে যাবে।'
