রাজশাহীর বাঘায় পুলিশের হ্যান্ডকাপসহ দুই মাদক ব্যবসায়ী পালানোর ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ওসি ওই এলাকার জনৈক নেতার মাধ্যমে এক বাড়ি থেকে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে উপজেলার কলিকগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কলিকগ্রাম এলাকার বয়েজ ঠাকুরের ছেলে আব্দুল আজিজ (৪০) ও তার সহযোগী লালপুর উপজেলার পাকপাড়া গ্রামের হাবিবুর রহমানকে (৪৫) তিন প্যাকেট ইয়াবাসহ আটক করে বাঘা থানা পুলিশ।
আটকের পর দুইজনের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেওয়া হয়। কিন্তু মুহূর্তের মধ্যে আজিজের বোন পারুল আক্তার ও স্ত্রী সাইদা বেগম এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। সুযোগ বুঝে আজিজ ও হাবিবুর হ্যান্ডকাপসহ সেখান থেকে পালিয়ে যান। এরপর পুলিশ ওই দুই নারীকে থানায় নিয়ে আসে। পরে একই এলাকার মাহাতাব আলীর বাড়ি থেকে ওসি তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: পুকুর নিয়ে দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন
বাঘা থানা অফিসার ইনচার্জ মহাসীন আলী জানান, আটক দুইজনের মধ্যে আব্দুল আজিজ স্থানীয় এক নেতার আত্মীয়। তার নামে বাঘা থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/অনি
