কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের ভোট গণনা শুরু

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১২:৩০

দীর্ঘ ২২ বছর পর ভারতের কংগ্রেস পার্টির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলের দুই জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর এ পদের জন্য লড়ছেন। তবে গান্ধী পরিবারের কেউই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ইতোমধ্যে দলের অভ্যন্তরীণ নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশ থেকে সিল করা ব্যালট বাক্স দিল্লিতে কংগ্রেস সদর দফতরে আনা হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ৯ হাজার ৯১৫ যোগ্য নেতাদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ ভোট দিয়েছেন।

গান্ধী পরিবারের দীর্ঘদিনের অনুগত মল্লিকার্জুন খার্গকে প্রতিযোগিতাতে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে। কিন্তু তিনি জয়ী হলে গান্ধীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবেন বলে অনেক সমালোচকরা মনে করছেন।

যদিও কংগ্রেস এই সম্ভাবনাকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এসব অভিযোগ ভিত্তিহীন। দুইজন যোগ্য ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।

কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।

ভারতের স্বাধীনতার পর থেকে কংগ্রেস বেশিরভাগই গান্ধী পরিবারের একজন সদস্যের নেতৃত্বে রয়েছিল। তাদের সবাই সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছিল।

ইত্তেফাক/ডিএস/কেকে