উইকেটরক্ষক নিয়ে জুয়া খেলছে অস্ট্রেলিয়া

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৪৫

নতুন কোন উইকেট রক্ষককে দলে না নিয়ে অস্ট্রেলিয়া একটি বড় ঝুঁকি নিতে যাচ্ছে বলেই মন্তব্য করেছেন দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলে শুধুমাত্র একজন স্বীকৃত উইকেটরক্ষক রেখে একপ্রকার জুয়া খেলেই আজ থেকে শিরোপা রক্ষার মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

বিশ্বকাপের ঠিক আগে ইঞ্জুরির কবলে পড়ে দল ছিটকে অজি উইকেটরক্ষক জস ইংলিশ। গলফ খেলতে গিয়ে হাত কেটে ফেলেছেন তিনি। তার বদলি  হিসেবে আরেকজন উইকেট রক্ষকের পরিবর্তে অল রাউন্ডার ক্যামেরন গ্রীনকে স্কোয়াডে নিয়েছে টিম অস্ট্রেলিয়া। দলের প্রথম পছন্দের উইকেট রক্ষক হিসেবে রয়েছেন ম্যাথু ওয়েড।
 
অজি অধিনায়ক ফিঞ্চ বলেন, যদি কোন কারণে উইকেট রক্ষকের প্রয়োজন হয় তাহলে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে পারবেন ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার তিনি কিছুটা অনুশীলনও করে নিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে সুপার টুয়েলভের উদ্বোধনী লড়াইয়ে নামার আগে ফিঞ্চ বলেন,‘ বাড়তি উইকেট রক্ষক না নিয়ে আমরা কিছুটা ঝুঁকিই নিতে যাচ্ছি।’

আসলে গ্রীনকে দলে নেয়া হয়েছে কোন পরিস্থিতর উদ্ভব হলে সামাল দিতে। আজ সুপার টুয়েলভে কিউইদের বিপক্ষে একাদশে থাকবেন না তিনি এটাও এক প্রকার নিশ্চিত।

অধিনায়ক বলেন,‘ ক্যাম (ক্যামেরন) স্কোয়াডে একটি ভালো ভারসাম্য আনতে পারবে বলে আমি মনে করি। তবে এটি অবশ্যই ঝুকিপূর্ণ। এ বিষয়ে কোন সন্দেহ নেই।’
  
এদিকে তাসমান পাড়ের দু প্রতিবেশীর আজকের ম্যাচটি বৃষ্টির কবলে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এটি স্বাগতিকদের হতাশ করবেনা বলেও মন্তব্য করেছেন ফিঞ্চ।

অজি কাপ্তান বলেন, ‘যে কোন পরিস্থিত সামাল দেওয়ার মতো পরিকল্পনা করতে আপনি যথেষ্ট সময় পেয়েছেন। তাই আপনাকে সহনশীল  থাকতে হবে। আসল বিষয় হচ্ছে বৃষ্টির পরিমাণ কেমন হবে এবং তার দ্বারা ম্যাচ কতটুকু প্রভাবিত হবে। যদি দুই ওভারের হয় তাহলে বলব সেটি খুব একটা পার্থক্যের সৃষ্টি করবে না। যদি ৫ ওভারের হয়, তাহলে বড় একটি পার্থক্যের সৃষ্টি করবে।’

ইত্তেফাক/এসএস