কাজু বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনা

আপডেট : ১৪ জুন ২০১৯, ২১:৪৮

g আবুল কাসেম ভুঁইয়া

 

আমাদের দেশে কাজু বাদামের বেশ চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। কাজু বাদাম একটি নাট বা বাদাম জাতীয় ফল। বৃক্ষ জাতীয় ফসলের আন্তর্জাতিক বাণিজ্যে কাজু বাদামের স্থান তৃতীয়। কাজু বাদাম অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর ফল। অর্থনৈতিক দিক দিয়েও এর বিশেষ গুরুত্ব রয়েছে। বাদামের উপরে অংশের ফল থেকে জুস, ভিনিগার তৈরি করা যায়। তাছাড়া বাদামের খোলসের তৈল শিল্পে ব্যবহূত হয়ে থাকে। আমাদের দেশের জলবায়ু কাজু বাদাম চাষের জন্য খুবই উপযোগী। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভিত্তিতে কাজু বাদাম চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কাজু বাদাম চাষের ইতিহাস সম্পর্কে জানা যায় প্রায় ৩০-৪০ বছর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং উদ্যান উন্নয়ন বিভাগ (কৃষি সম্প্রসারণ বিভাগ) সমন্বয়ে পার্বত্য এলাকায় কৃষকদের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফলের চারা/কলমের সঙ্গে কাজু বাদামের চারা সরবরাহ করে থাকে। কৃষকরা কাজু বাদামের চাষ করে বেশ সফল হয়। পার্বত্য এলাকায় কাজু বাদামের ফলন সন্তোষজনক হলেও উত্পাদিত কাজু বাদাম বিক্রি, বাজারজাত এবং প্রক্রিয়াজাত করতে না পারায় কৃষকরা কাজু বাদাম চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। পরবর্তীকালে দেশের বেশ কিছু রপ্তানিকারক ভারত, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে স্বল্পপরিমাণ কাজু বাদাম রপ্তানি করতে থাকে। তারপর থেকে কাজু বাদামের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। আমাদের দেশে উত্পাদিত কাজু বাদাম প্রক্রিয়াজাত করার অভাবে খোসাসহ বাদাম বিদেশে রপ্তানি করা হচ্ছে। বর্তমান আন্তর্জাতিক বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ভারত আমাদের দেশের কাজু বাদাম আমদানি করে থাকে। আধুনিক মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করা হলে বাদামের বাণিজ্যিক মূল্য অনেক বেড়ে যায়। আমাদের দেশে উত্পাদিত কাজু বাদাম যদি অত্যাধুনিক মেশিনে প্রক্রিয়াজাত করতে পারি তবে উচ্চমূল্যে কাজু বাদাম বিদেশে রপ্তানি করতে পারব। কাজু বাদাম একটু উঁচু জায়গায় চাষ করতে হয়। কাজু বাদাম চাষে তেমন শ্রম দিতে হয় না। প্রতি হেক্টর কাজু বাদামের বাগান থেকে ১.৫ টন থেকে ১.৮ টন কাজু বাদাম পাওয়া যায়। যার বাজার মূল্য ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। কাজু বাদাম চাষে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এসব নিয়ম কানুনের মধ্যে রয়েছে উন্নতজাতের বাদামের চারা লাগানো, আগাছা পরিষ্কার করা, সঠিক সময়ে কাজু বাদাম সংগ্রহ করা, সঠিকভাবে শুকানো এবং সঠিকভাবে কাজু বাদাম সংরক্ষণ করা, গাছকে রোগ বালাই থেকে রক্ষা করা।