তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো শুরু বৃহস্পতিবার

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২১:০৮

তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৮তম ইউএস ট্রেড শো উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশে প্রাপ্য উচ্চমান সম্পন্ন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলো তুলে ধরা হবে। জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চল্লিশটির বেশি ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।

ইউএস ট্রেড শো-তে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলো অংশগ্রহণ করবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভিসা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে ইউএসএইডের কর্মকাণ্ড ও মেধাস্বত্ব বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত সেমিনারও থাকবে। এছাড়া শো চলাকালে যুক্তরাষ্ট্র দূতাবাস চারটি তথ্যমূলক সেমিনার আয়োজন করবে। 

ট্রেড শো ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সেমিনার সম্পর্কে বিস্তারিত জানতে amchambd.org-তে ভিজিট করুন। 

 

ইত্তেফাক/এএএম