বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি। ডেভিড ওয়ার্নারের ব্যাটের ছন্দটা তাই সহজেই অনুমেয়। বল টেম্পারির কলঙ্কজনক অধ্যায় পেরিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরে ধীরে ধীরে স্বরূপে ফিরছেন ওয়ার্নার। ধারাবাহিকতা, ২২ গজে ব্যাটিং উপভোগের হিসেবে আগের রূপে ধরা দিচ্ছে এই বাঁহাতি ওপেনারের ব্যাট।
অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ রিকি পন্টিং বলছেন, নিজের সেরা সময়ের কাছাকাছি আছেন ওয়ার্নার। আন্তর্জাতিকে ফিরে শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে আক্রমণাত্মক এই ওপেনারকে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার।
তবে কি বাকি দলগুলোর মাঝে এখন ওয়ার্নার-ভীতি বাড়বে? বাকি দলগুলোকে হুঁশিয়ার করে পন্টিংও বলছেন, এই অস্ট্রেলিয়ানকে ভয় পাওয়া উচিত। তিনি বলেছেন, ‘আমি মনে করি, তাদের উচিত। আপনি জানেন ডেভিড ওয়ার্নার যখন তার সেরা অবস্থানে থাকবে, আপনি যদি আপনার লাইন-লেন্থ মিস করেন, তখন সে নিশ্চিত করবে যেন আপনাকে মূল্য দিতে হয়।’
আজ নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে সাড়ে ৩টায়। চার ম্যাচে তিনটি জয় ও একটি হারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে একটি জয়, একটি হার ও দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতে শ্রীলঙ্কার ঝুলিতে আছে ৪ পয়েন্ট। টানা দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর আজ ওভালে ২২ গজে লড়াইয়ে দেখা যেতে পারে লঙ্কানদের, তাও আবহাওয়া অনুকূলে থাকলে।
ইনফর্ম ওয়ার্নারকে বোলিং করা লঙ্কানদের জন্য কঠিন হবে বলে জানিয়েছেন পন্টিং। গতকাল সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘প্রতিটি ম্যাচ প্রতিটি খেলোয়াড়ের জন্য ভিন্ন চ্যালেঞ্জের। ডেভিড (ওয়ার্নার) পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পনা ভালো কাজে লাগিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জানি, তারা সুপরিকল্পিত হবে। কিন্তু সেরা ছন্দে থাকা ওয়ার্নারকে বোলিং করা কঠিন। আমি মনে করি সে তার সেরা ছন্দের কাছাকাছি ফিরে এসেছে এখন।’
এমন ধারাবাহিকতা নিয়ে খেলতে পারলে ওয়ার্নার বিশ্বসেরা সেরা রান সংগ্রাহক হতে পারবেন। পন্টিং বলেছেন, ‘বাকি টুর্নামেন্টেও সে যদি এভাবে খেলতে পারে, সম্ভবত সে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে যাচ্ছে।’
টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। সর্বশেষ গত ৪ জুন ম্যাচ খেলেছিল দলটি। তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না লঙ্কানদের জন্য। অধিনায়ক দিমুথ করুণারত্নে নিজের দলের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। এর মধ্য দিয়েই লড়াই করতে হবে বলে জানিয়েছেন তিনি।
করুণারত্নে বলেছেন, ‘আমাদের দলে অনেক প্রতিভাবান নেই। আপনি যদি অন্য দলগুলোর সঙ্গে তুলনা করেন, আমাদের বড় সীমাবদ্ধতা আছে। উদাহরণ হিসেবে ধরুন, ভারতীয় দলে প্রায় প্রতি ম্যাচেই একজন সেঞ্চুরি করে। আমাদের দলে আমরা প্রতিবছরে একটি বা দুটি সেঞ্চুরি করি।’
দুই দলের শক্তিমত্তায় রয়েছে অনেক পার্থক্য। তাই ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কর্মই হবে শ্রীলঙ্কার জন্য। আঙুলের ইনজুরিতে পড়া ফাস্ট বোলার নুয়ান প্রদীপকে এই ম্যাচে পাওয়ার আশা করছে লঙ্কানরা।
