ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মধ্যে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্কচের ওপর আমদানি শুল্ক কমাতে ব্রিটেন ভারতের ওপর চাপ দিচ্ছে। যাতে স্কটল্যান্ডে তৈরি হুইস্কির রফতানি ভারতে বাড়ে। বাণিজ্য চুক্তি কিছু যায়গায় এখনও ফেঁসে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হুইস্কি। খবর ইকোনোমিক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, ঋষি সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর শুক্রবার (২৮ অক্টোবর) মোদি ফোন করে তাকে অভিনন্দন জানান। প্রস্তাবিত মুক্তি বাণিজ্য চুক্তিতে সমস্ত দিককে সংযুক্ত করে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনের কথা সেখানে তুলে ধরেন তিনি।
এই ভারসাম্য রক্ষার জায়গা নিয়েই এখন দর কষাকষি চলছে ভারত ও ব্রিটেনের মধ্যে। ঘরোয়া বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে কতটা প্রবেশাধিকার ব্রিটেনকে দেওয়া যায়, সেই নিয়ে চলছে সূক্ষ্ম বিচার। কূটনৈতিক সূত্রের মতে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে স্কচ হুইস্কি।
জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি হুইস্কি পান করা হয় ভারতে। অথচ এই ভারতেই মোট বাজারের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে স্কচ হুইস্কি।
ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সচিব গ্রেগ হ্যান্ডস জানিয়েছেন, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পরবর্তী স্তরে পৌঁছেছে। খুব শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা যায়। বাণিজ্য চুক্তির মোট ২৬টি অধ্যায়ের মধ্যে ১৬টিতে দুই দেশ একমত হয়েছে বলে জানা গেছে।
কূটনৈতিক মহলের বক্তব্য, মুক্ত বাণিজ্য চুক্তি করতে হলে সংশ্লিষ্ট দুইটি দেশকেই আমদানি শুল্ক হয় ছেঁটে ফেলতে হবে অথবা একেবারে কমিয়ে আনতে হবে। যাতে একে অন্যের বাজারে সহজেই বেশির ভাগ পণ্য প্রবেশ করাতে পারে। স্কচ হুইস্কির ক্ষেত্রে এই ছাড় পেতে আগ্রহী ব্রিটেন। কিন্তু ভারত এখনও মনস্থির করে উঠতে পারেনি।
