রামগতিতে ট্রাফিক পুলিশের ওপর হামলা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল শুক্রবার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রামগতি থানা এলাকার উপজেলা ডাকঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জামালকে গ্রেফতার করা হয়।
জামাল উদ্দিন রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে। জামাল যাত্রীবাহী লেগুনা ও পিকআপ শ্রমিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ ঘটনায় রামগতি থানায় কর্মরত যানবাহন নিয়ন্ত্রণ বিভাগের (ট্রাফিক) সার্জেন্ট মোবারক হোসেন বাদি হয়ে জামালকে অভিযুক্ত করে রামগতি থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে রামগতি থানায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মোবারক হোসেন দুই কনস্টেবল আনোয়ার হোসেন ও শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে রামগতি থানার পাশে উপজেলা ডাকঘরের সামনে বিভিন্ন যানবাহন তল্লাশি ও গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন। বেলা ১২ টার দিকে লক্ষ্মীপুর থেকে আসা একটি পিকআপকে থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে পিকআপের চালক শ্রমিক নেতা জামাল উদ্দিনকে ডেকে আনেন। জামাল ঘটনাস্থলে গিয়ে গাড়ি তল্লাশি করা যাবে না বলে হুমকি দেন। এসময় কনস্টেবল আনোয়ার হোসেনকে মারধর করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং জামাল উদ্দিনকে গ্রেফতার করে। এ সুযোগে কৌশলে চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও ট্রাফিক পুলিশের উপর হামলার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। জামালকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
