বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজের পরিবর্তে এই ম্যাচে আবারও টাইগার একাদশে ফিরছেন ইয়াসির রাব্বি।
ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কারণ, বাংলাদেশের সামনের দুই ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক কঠিন পাকিস্তান ও ভারত। তাই আজকের ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ।
আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার লজ্জাজনক হারের দুঃস্মৃতি ভুলে নতুনভাবে আত্মবিশ্বাসী হয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স।
পেসারদের স্বর্গরাজ্যখ্যাত ব্রিসবেনের গ্যাবায় একজন জেনুইন ব্যাটসম্যান বেশি খেলানোর চিন্তা থেকেই ইয়াসির রাব্বিকে আবারও ফেরানো হয়েছে টাইগার একাদশে। আগের ম্যাচে এই রাব্বির জায়গাতেই একাদশে এসেছিলেন মিরাজ।
এদিকে জিম্বাবুয়ের একাদশেও রয়েছে একটি পরিবর্তন। লুক জঙ্গুইয়ের পরিবর্তে আজ জিম্বাবুয়ের হয়ে মাঠে নামবে টেন্ডাই চাতারা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
