স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহীর শিক্ষা, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। এজন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র।
এদিকে বৈঠক শেষে নগর ভবনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনোকে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বঙ্গবন্ধু কর্ণার ঘুরিয়ে দেখান। পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। সফরসূচি অনুয়ায়ী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো নগর ভবনে আসলে তাঁকে বরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন। এরপর মেয়র দপ্তরকক্ষে সিটি মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটনের সাথে বৈঠকে মিলিত হন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মেয়রের একান্ত সচিব আলমগীর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।
