চট্টগ্রাম বন্দরে দুই জাহাজে সংঘর্ষ

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:৩৭

কর্ণফুলী নদীর পতেঙ্গা পয়েন্টে কনটেইনারবাহী জাহাজের সঙ্গে অপর একটি অয়েল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ সংঘর্ষের পর প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্দর চ্যানেলে নৌ চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টার দিকে নৌ চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে এসেছিল কনটেইনারবাহী জাহাজ ‘এমভি এক্সপ্রেস মহানন্দা’। একই সময় ‘এমটি বুরগান’ নামের একটি অয়েল ট্যাংকারের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বন্দর কর্তৃপক্ষের টাগবোটগুলো ঘটনাস্থলে আসে। টাগবোট কনটেইনার জাহাজটিকে চট্টগ্রাম ড্রাইডকে নিয়ে যায়। অয়েল ট্যাংকারটি ৭ নম্বর ডলফিন   জেটিতে বাঁধা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কা থেকে আমদানি পণ্য ভর্তি ৭৪৪টি কনটেইনার নিয়ে আসা এমভি এক্সপ্রেস মহানন্দা জেটিতে ভিড়ছিল। কুয়েতের অয়েল ট্যাংকার এমটি বুরগান ডলফিন জেটি থেকে বেরিয়ে যাচ্ছিল। ঐ সময় জাহাজ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে জাহাজ দুটি পরস্পর আটকে যায়। পরে বন্দরের ৬টি টাগবোটের সাহায্যে জাহাজ দুটিকে আলাদা করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বন্দর চ্যানেল নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এদিকে বন্দরে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর সচিব সংবাদ মাধ্যমকে জানান, বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।