চাঁদপুরে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, আটক ৫

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:৩৯

চাঁদপুর শহরের পুরান বাজারের দাসপাড়ায় গত বৃহস্পতিবার রাতে সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষিপ্ত হয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

পুলিশের হাতে আটক ব্যক্তিরা হচ্ছেন, দাসপাড়া এলাকার বাসিন্দা মুন্নাফ দিদারের ছেলে ফরিদুল ইসলাম দিদার (৫০), ইদ্রিস দিদার, রাজু দিদার, আবুল ডাক্তারের ছেলে আতিক ও আব্দুল আলিম।

স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাসেত চৌধুরী, আবদুল কাদের মিজি ও খোরশেদ আলমসহ সংঘবদ্ধ একটি চক্র রাতে হামলা চালিয়ে দুর্গা মন্দিরে ভাঙচুর করে। এছাড়া পার্শ্ববর্তী একটি কালি মন্দিরের প্রতিমাও ভাঙচুর করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বিপিএম পিপিএম বলেন, ভাঙচুর করা ও কিছু কিছু মালপত্র জড়িতদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।