সড়কে শিক্ষার্থীসহ ৭ জনের প্রাণহানি

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:৪১

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এর মধ্যে ঢাকার সাভারে বাসচাপায় শিক্ষার্থী, পিরোজপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার, নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী, চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহী নিহত এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৩০ জন, রংপুরে মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২০ ও কুমিল্লার চান্দিনায় দুই বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়। এ বিষয়ে ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সাভার: ঢাকার সাভারে বাস চাপায় মিন্টু মোল্লা নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী সাজু মিয়া আহত হয়। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের উত্তর পাশের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর কুনিহাটি গ্রামের কেরামত মোল্লার ছেলে এবং আহত সাজু মিয়া একই গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। মিন্টু মিরপুর সরকারি বাঙলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুর: ঢাকা থেকে পিরোজপুরগামী সেবা গ্রীন লাইন কোম্পানির একটি পরিবহন গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর-নাজিরপুর সড়কের চরখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে উল্টে পড়ে। এতে আল আমীন শেখ (২৭) নামে এক বাসযাত্রী নিহত হয়। আল আমীন সদর উপজেলার ভৈরমপুর গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।

ইন্দুরকানী (পিরোজপুর): পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী মনিরুল ইসলাম গাজী ও চালক আব্দুল্লাহ আল সাকিব নিহত হয়েছেন। বৃহস্পতিবার বালিপাড়া পিরোজপুর সড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী ও চালক দুজন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। আহত সাকিবকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যায়। অপরদিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান মনিরুল ইসলাম গাজী।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গতকাল শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। এতে কুড়িগ্রামগামী বাস ফাহমিদা হক পরিবহনের হেলপার শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়। নিহত শফিকুল কড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কাগকাঠি গ্রামের সাইখুল্লার ছেলে।

চাঁদপুর: সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জাহিদুল হক (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালক ও দুই যাত্রী আহত হয়। শুক্রবার সকালে চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল সদর উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের জহিরুল হক গাজীর ছেলে।

বদলগাছী (নওগাঁ): বৃহস্পতিবার রাতে বদলগাছী মাতাজি সড়কের আবহাওয়া অফিসের সামনে বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রেজাউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। নিহত রেজাউল পত্নীতলা থানাধীন ঘুটলি গ্রামের মো. ফজলু মণ্ডলের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া: গতকাল শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়। আহতরা সবাই শ্রমিক। জানা যায়, সকাল ৭টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাবার পথে সদর উপজেলার উরশিউড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৫৬ জন যাত্রী ছিল। তারা সবাই রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারি এলাকার। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

রংপুর: রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া মীরবাগ এলাকায় গতকাল মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহন খাদে পড়ে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৯ জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী পৌরসভার পপুলার মোড় এলাকায় গতকাল শুক্রবার বিকালে ঢাকাগামী একটি  যাত্রীবাহী বাসের সঙ্গে জামালপুর থেকে সরিষবাড়ীতে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চার জন যাত্রী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।