জেল হত্যা দিবসে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:৩৪

কিশোরগঞ্জে জেল হত্যা দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার কলেজ রোডে এ ঘটনা ঘটে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেয় উত্তেজিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়ার জন্য ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে মাস্টার কলোনিতে জড়ো হয় কমিটির সদস্যরা। এ সময় নবগঠিত কমিটির পদবঞ্চিতরা তাদেরকে ধাওয়া করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা।

পরে ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা পিছু হটে বাজার ত্যাগ করে। আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব উদ্দিনের সমর্থকরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার আল আমিন হোসাইন জানান, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/জেএ/পিও