সোনারগাঁওয়ে বাসে তরুণীকে ধর্ষণ চেষ্টা: হেলপার গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০১৯, ০০:২২

সোনারগাঁও থেকে গুলিস্তান চলাচলকারী স্বদেশ পরিবহনের একটি চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার মামলায় ওই বাসের হেলপার নিরবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন একই অপরাধে অভিযুক্ত মামলার অপর আসামি ওই বাসের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গ্রেফতারকৃত নিরব দুধঘাটা এলাকার আব্দুল আলীর ছেলে। সে ওই ধর্ষণ চেষ্টা মামলার দ্বিতীয় আসামি। মামলাটি গত মঙ্গলবার ভুক্তভোগী ওই তরুণী দায়ের করেন।

জানা যায়, কিশোরগঞ্জের ওই তরুণী গজারিয়া এলাকায় একটি পোশাক কারখানায় সুইয়িং অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি ঈদের ছুটি কাটিয়ে কিশোরগঞ্জের সদর থানার খিলপাড়া থেকে গত সোমবার রাত ৯টার দিকে গুলিস্তান এসে গজারিয়ায় ফেরার জন্য স্বদেশ পরিবহনের একটি বাসে ওঠেন। পরে মোগরাপাড়া চৌরাস্তায় সকল যাত্রী নেমে যান। ওই তরুণীও অন্য যাত্রীদের সঙ্গে নেমে যাওয়ার সময় বাস চালক শামীম ও হেলপার নিরব তাকে মেঘনা ঘাটে নামিয়ে দেওয়ার কথা বলে বাসে থাকতে রাজি করে। আষাঢ়িয়ারচর এলাকায় যাওয়ার পর চালক শামীম হেলপার নিরবকে বাস চালাতে দিয়ে ওই তরুণীকে  পেছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে মার্কেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় স্বদেশ পরিবহনের ওই বাসটি দেখে থামাতে বললে বাসটি না থেমে আরো দ্রুতগতিতে চলে যেতে থাকে। মার্কেটের লোকজন বাস থেকে ওই তরুণীর  ‘বাঁচাও বাঁচাও’ চিত্কার শুনতে পান। পরে তারাসহ এলাকার লোকজন বাসটি থামিয়ে তরুণীকে উদ্ধার করেন। চালক শামীমকে গণধোলাই দিয়ে পুুুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এক পর্যায়ে হেলপার নিরব কৌশলে পালিয়ে যায়। ঘটনার তিনদিন পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সায়েদাবাদ থেকে হেলপার নিরবকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তাওহিদ উল্লাহ জানান, নিরবকে রিমান্ডে চেয়ে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক বাসটি থানা হেফাজতে রয়েছে।