শিবালয়ে ট্রাকযোগে পরিবহনের নামে মালামাল আত্মসাত্

আপডেট : ১৫ জুন ২০১৯, ০০:২২

ট্রাকযোগে আন্তঃজেলায় বিভিন্ন মালামাল পরিবহনের নামে প্রতারণা ও পণ্য আত্মসাতের অভিযোগে দু’ব্যক্তিকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে প্রতারক ট্রাক চালক মিন্টু মিয়া ও তার সহযোগী অন্তরকে আটক এবং ৩১ বস্তা মত্স্য ও গো খাদ্য উদ্ধার করা হয়।

শিবালয় থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, উপজেলার ‘মেঘা ফিড’ থেকে স্থানীয় সেবা ট্রান্সপোর্টের মাধ্যমে গত ১৯ মে ট্রাকযোগে ৭৭৮ বস্তা মত্স্য ও গো-খাদ্য সাতক্ষীরার মেসার্স ফাহিম ট্রেডার্সে নেওয়ার কথা ছিল। উক্ত মালামাল নির্দিষ্ট স্থানে পৌছে না দিয়ে প্রতারকচক্র তা অন্যত্র বিক্রি করে দেয়। ওই পরিমাণ মালামালের বর্তমান বাজার মূল্য সাত লাখ টাকার অধিক। এ ঘটনায় গত ৩ জুন মেঘা ফিড কারখানার সিনিয়র এক্সকিউটিভ ম্যানেজার আসলাম উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে শিবালয় থানা পুলিশ ঘটনার সাথে জড়িত জয়পুরহাটের পাঁচবিবি এলাকার মোখলেছুর রহমানের ছেলে ট্রাক চালক মিন্টু মিয়া ও হাফিজুর রহমানের ছেলে অন্তরকে আটক করে। আটককৃতদের তথ্যানুযায়ী পাঁচবিবির ধীরনগর থেকে ৩১ বস্তা মত্স্য ও গো খাদ্য উদ্ধার করা গেলেও মালামাল পরিবহনে ব্যবহূত ট্রাকটি উদ্ধার করা যায়নি।

অভিযানে নেতৃত্বদানকারী ওসি নজরুল ইসলাম আরোও জানান, ট্রাকে প্রতারকরা ভুয়া নম্বর প্লেট ব্যবহার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটক ও ট্রাক উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।