পাবনার বেড়ায় বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে মাঠে কাজ করতে গিয়ে আগবাকশোয়া গ্রামের মান্নান প্রাং (৫৮), সালাম প্রাং (৫০) ও আনসার শেখের (৬০) মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তারা বাড়ির পাশের মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে একইদিন বেলা ৩টার দিকে একই উপজেলার চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন বাড়ির পাশে মাঠে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাছিমা খাতুন নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। একই দিনে চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খালিয়াজুরী (নেত্রকোণা) সংবাদদাতা জানান, উপজেলা সদরের লক্ষ্মীপুর গ্রামে মাছ ধরতে গিয়ে গতকাল বজ্র্রাঘাতে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক মারা গেছেন। ওসি এটিএম মাহমুদুল হক জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, গতকাল ভাঙ্গুড়ায় আঠারোবাগিয়া বিলে মাছ শিকারের সময় বজ্রপাতে শামিম আহমেদ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নৌবাড়িয়া গ্রামের মো. হারান সরদারের ছেলে। শামিম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী ও তিন শিশু রয়েছে।
