স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ১০০টি ব্রীজ উদ্বোধন করছেন। এ সরকার হাজার হাজার সড়ক, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির-মক্তবসহ অসংখ্য উন্নয়ন কাজ করেছে, দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।
সোমবার (৭ নভেম্বর) লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামি লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মেজর অবঃ হাবিবুর রহমান।
মন্ত্রী আরও বলেন, আমি এলাকায় চেয়ারম্যান-মেম্বার মনোনয়ন দিয়েছি। এখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র-কাউন্সিলর মনোনয়ন দেওয়ার আগে অন্তত এক বছর তাদের কর্মকাণ্ড স্কোরিং করি। জনগণের কল্যাণে যাকে উপযুক্ত মনে হয়েছে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুকরিয়া এদের কেউ আমাকে নিরাশ করেনি। ভবিষ্যতেও তারা আমাকে নিরাশ করবে না বলে আমি বিশ্বাস করি।
পরে আগামী তিন বছরের জন্য অ্যাড. মো. ইউনুছ ভুঁইয়াকে সভাপতি, মহব্বত আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগ ও তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি ও অ্যাড. মো. রফিকুল ইসলাম হিরাকে সাধারণ সম্পাদক করে পৌরসভা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলার ১০টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আমন্ত্রিত অতিথি, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
