কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর ত্রী-বার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কোভিড মোকাবেলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব পড়েছে। বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে।
সোমবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালী এ সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সালকে টার্গেট করে শেখ হাসিনার নেতৃত্বে তৈরি হচ্ছে উন্নয়নের রোডম্যাপ। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছেন। যা কিছু উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুস সবুর, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর অওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। সম্মেলন স্থলে সুশৃঙ্খলভাবে ও সুন্দর পরিবেশে কার্যক্রম পরিচালিত হয়। তৃণমূল নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত সম্মেলন মহাসমাবেশে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউনুস ভুঁইয়া, সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা।
