বরিশাল রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরীক্ষা বর্জন করে ৬ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে নিজস্ব ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষর্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জানায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ ক্লাসের মধ্যে প্রায়ই বিনা কারণে শিক্ষার্থীদের হেনস্থা করে। অকথ্য ভাষায় গালাগাল করে। সব অভিযোগে ও প্রতিবাদ করলে শিক্ষার্থীদের মাদক দিয়ে মামলা দেওয়ার হুমকিও দিয়ে থাকেন।
তিনি নানা সময় ধর্ম নিয়ে কটাক্ষ করে, শিক্ষার্থীদের কাছ থেকে চিকিৎসা ও বিভিন্ন তহবিলের নামে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছে। এমন কি চিকিৎসার সরঞ্জাম ও প্রদান করা হয় না। এর প্রতিবাদ করলে শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করাসহ নানা ভয়ভীতি দেখানো হয়। এ সময় অধ্যক্ষের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানান তারা। শিক্ষার্থীদের হেনস্থা ও হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, ন্যায্য অধিকার আদায় প্রতিষ্ঠার লক্ষে কলেজ সংসদসহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
