বদলগাছীতে আগাম জাতের আমন ধান কাটা শুরু

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫:১৮

নওগাঁর বদলগাছীতে আগাম জাতের মাঠের পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। ধানের আশানুরূপ ফলন হওয়ায় কৃষক-কৃষাণির চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ঝিলিক। বর্তমানে বাজারে ধানের দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকেরা।  

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বিচ্ছিন্নভাবে কৃষকরা মাঠে পেকে যাওয়া আগাম জাতের সোনালী ধান কাটছেন। পার্বতীপুর মাঠে ধান কাঁটার সময় কথা হয় ভাতশাইল গ্রামের কৃষক আনোয়ার হোসেনের সঙ্গে। 

তিনি বলেন, চলতি বছরে তিনি প্রায় ৩বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের ধান লাগিয়েছেন। ৯০ ও ৪৯ জাতের ধানগুলো আগাম জাতের হওয়ায় বর্তমানে কৃষকরা সেগুলো কাটা শুরু করেছেন। বাজারে ৯০ জাতের ধান ২ হাজার টাকা মণ এবং কাঁটারি ধান ১হাজার ৫শত টাকা মণে বিক্রয় হচ্ছে বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, বাজারে স্বর্ণা-৫সহ অন্যান্য সাধারণ জাতের ধান মণপ্রতি ১হাজার ৪শত টাকায় বিক্রয় না হলে কৃষকের কোন লাভ থাকবে না। ধানের স্বাভাবিক ফলন ধরে রাখার জন্য প্রতি সপ্তাহে ১ বিঘা জমিতে প্রায় ৭শত টাকার কীটনাশক প্রয়োগ করতে হয় জানিয়ে এই কৃষক আব্দুস সালাম। বাজারে কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। কৃষকরা যাতে ধানের উপযুক্ত মুল্যপান সে বিষয়ে কৃষকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

উপজেলায় কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, বদলগাছীতে ১৫হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ আবাদ হয়েছে। এবং আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে।

ইত্তেফাক/এআই