যোগ্যতাভিত্তিক প্রশ্ন: যা মনে রাখতে হবে

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৫১

সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা , এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ের শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে, যা প্রশ্ন পত্রের আবশ্যিক অংশ। সকলের প্রতি অনুরোধ যোগ্যতাভিত্তিক যোগ্যতাভিত্তিক  কথাটি শিক্ষার্থীদেরকে বারবার বলে বিষয়টিকে ভারী করবেন না। এতে কোমলমতি বন্ধুদের ভীতির সঞ্চার হতে পারে। ইতোমধ্যে শিক্ষার্থী বন্ধুরা তারা প্রশ্নকাঠামো জেনে তার চর্চা করে অভ্যস্থ হয়ে গেছে। বন্ধুরা তোমরা আনন্দে পরীক্ষা হলে প্রবেশ করবে। হাসিমুখে হল থেকে বের হবে এমনটাই আমরা প্রত্যাশা করি।

অভিভাবকগণ আপনার সন্তানকে সমাপনী পরীক্ষা নিয়ে চাপমুক্ত রাখুন, উত্সাহ দিন। পড়াশোনা ও পরীক্ষা নিয়ে শিশুদের চাপ দেয়া থেকে বিরত থাকুন। প্রতিটি পাঠ্য বিষয়ের তত্ত্ব ও তথ্যগুলো বুঝে পড়তে সহায়তা করুন। আপনার চারপাশের বিভিন্ন বিষয়ে আলোচনা করুন যা তার পাঠ্যবইয়ের সাথে সঙ্গতিপূর্ণ। তার বাংলা বইয়ের কবিতাগুলো পড়তে বলুন বা আপনি পড়ে শুনান এবং এর ভাবার্থ শব্দার্থগুলো বুঝিয়ে দিন। গদ্যাংশগুলো পড়ুন তাকে শুনতে বলুন এবং মাঝে মাঝে প্রশ্ন করুন। এতে তার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় নিয়ে বিছানায় অথবা খাবার টেবিলেও আলোচনা করতে পারেন আপনার পরীক্ষার্থী সন্তানের সঙ্গে। এতে করে সব তথ্য, ঘটনা প্রবাহ ও স্থান, ঐতিহ্যসমূহ স্মৃতিপটে গেঁথে যাবে। এসময় পরীক্ষার্থীর পাশে বন্ধুসম হয়ে শিক্ষার আনন্দঘন পরিবেশ তৈরি করি সকলে।

সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য পাশে তোমাদের সহযোগী হয়ে আছেন তোমাদের পিতা-মাতা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী। তোমাদের সমস্যা যদি এখনো কিছু থেকে থাকে তা চেপে না রেখে, পিতা-মাতাকে বল, শিক্ষককে বল অথবা তোমার বড় ভাই-বোনকে বল। দেখবে আর কোনো সমস্যাই থাকবে না। আর সমস্যা কেন বলবো, দেশের সকল শিক্ষক শিক্ষা চিন্তাবিদ সকলেই বলছেন, মূলবইটা পড়,দেখবে সকল প্রশ্নের উত্তরই দিতে পারছো। যোগ্যতাভিত্তিক নিয়ে ভাবার কোনো বিষয় নেই। যোগ্যতাভিত্তিক বরং তোমার সহায়ক তোমার বন্ধুর মতো হবে। যেমন ধরো- তোমাকে কোনো বন্ধু একটি বিষয়ে প্রশ্ন করলো। তুমি প্রশ্নটি বুঝতে পারছো না, তাই প্রশ্নের উত্তরও দিতে পারছো না। বন্ধু যদি তোমাকে তখন কয়েকটি ক্লু দেয় কেমন হয়? তখন কিন্তু তুমি তার প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারো। সে রকমই তোমার জন্য কিছু ঘটনা সাজানো থাকবে যাতে তুমি তোমার পড়ার বিষয়গুলো মনে করতে পারো , আর সুন্দর করে উত্তর লিখতে পারো।