ইমতিয়াজ সুলতান ইমরান
বাবা হওয়ায় আমি কত
শুনছি বকাঝকা
আমার জন্য বাচ্চাকাচ্চা
খাচ্ছে নাকি ঠকা।
গিন্নি বলে, বাচ্চাগুলো
পেয়ে তোমার আদর
দিনে দিনে হচ্ছে তারা
তোমার মতো বাঁদর।
আমি বলি, বাঁদর হয়ে
ঝুলুক গাছের ডালে
ছেলেমেয়ে মনের সুখে
নাচুক তালে তালে।
লেখাপড়ায় রাখলে শুধু
লাভ কী হবে তাদের?
পাখির মতো ডানা মেলে
যাক না দেশে চাঁদের।
ঘরে বসে খেলবে শুধু
কম্পুটারের গেমে?
বাইরে গিয়ে ছুটে বেড়াক
খেলুক মাঠে নেমে।
মাঠে গিয়ে কাটুক না ঘাস
দিক না জলে সাঁতার
চারিদিকে ছুটে বেড়াক
বুদ্ধি বাড়ুক মাথার।
মাছের নেশায় নেমে পড়ুক
ময়লা কোনো খালে
জলে নেমে ধরুক না মাছ
তাদের গড়া জালে।
খোলামাঠের হাওয়া খেয়ে
উড়াক গিয়ে ঘুড়ি
আলো হাওয়ায় বেড়ে উঠুক
ওরা নতুন কুঁড়ি।
শুধু বইয়ের সিলেবাসে
থাকলে ঘরে বসে
কেমন করে চিনবে তাদের
দেশে এবং দশে?
ফার্মি মুরগির বাচ্চা হয়ে
থাকলে ঘরের ছায়ায়
ছেলেমেয়ে অলস হবে
গিন্নি তোমার মায়ায়।
কাকুয়ারপার, সিলেট।
