প্রবীণদের জন্য 'হ্যাপি হোম' গড়তে মতবিনিময়

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৮:২৩

প্রবীণ ব্যক্তিদের জন্য প্রয়োজন অর্ন্তভূক্তিমূলক সেবা। দেশের মানুষের গড় আয়ু বাড়লেও প্রবীণদের প্রয়োজনীয় সেবার অবকাঠামো গড়ে ওঠেনি, নেই কোনো টেকসই পরিকল্পনা। তাই প্রবীণরা ভোগেন নানা সমস্যায়। শহুরে জীবনে প্রবীণদের অবস্থা আরও করুণ বলে মনে করেন বিজ্ঞজনেরা। জীবনসায়াহ্নে এসে অনেককেই নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়। এমন একাকী জীবন কাটানো প্রবীণদের জন্য বিনোদন, চিকিৎসা, সামাজিক আচার-অনুষ্ঠান আয়োজনের সুবিধা নিয়ে গড়ে তোলা হবে 'হ্যাপি হোম অ্যান্ড রিক্রিয়েশন সেন্টার'।

রবিবার (১২ নভেম্বর) গুলশান ক্লাবে সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইত্তেফাক ও অনন্যা'র সম্পাদক তাসমিমা হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক ড. হালিদা হানুম আক্তার। এছাড়া প্রবীণ নিবাস প্রকল্পের প্রাথমিক ধারণা উপস্থাপন করেন প্রবাসী স্থপতি ও প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল আসিফ জাহান।

প্রবীণ নিবাস নির্মাণের জন্য রাজধানীর বাড্ডা থানার সাতারকুল ইউনিয়নে একটি জমি নির্ধারণ করার কথাও জানানো হয় মতবিনিময় সভায়।

বক্তব্য দিচ্ছেন তাসমিমা হোসেন। ছবি: ইত্তেফাক

তাসমিমা হোসেন বলেন, আমাদের সমাজে প্রবীণ নারী-পুরুষ উভয়েরই নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যাগুলো আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। তাদের জন্য আমরা বিনিয়োগ করতে চাই। আমরা শুরু করছি, এবার টেকসই পরিকল্পনার মাধ্যমে এই কাজকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

বক্তব্য দিচ্ছেন ড. হালিদা হানুম আক্তার। ছবি: ইত্তেফাক

ড. হালিদা হানুম আক্তার বলেন, প্রবীণ মানুষের দুঃখ-কষ্ট কমানোর জন্য আমরা কাজ করছি। আমি নিজেও বয়সের দিক থেকে প্রবীণের কাতারে। কিন্তু বয়স যাই হোক, আমি আমার সাধ্যমতো অন্যের সেবায় পাশে দাঁড়াতে চাই। প্রত্যেকের চাওয়া-পাওয়াগুলোকে অনুভব করা প্রয়োজন। জীবনের প্রতিটি মুহূর্তই যেন উপভোগ্য হয়ে ওঠে।

প্রকল্পের ধারণা উপস্থাপন করেন আসিফ জাহান। ছবি: ইত্তেফাক

প্রেজেন্টেশনে মানসিক স্বাস্থ্যের কথা গুরুত্ব দিয়ে বলেন আসিফ জাহান। মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস বলেন, দেশে প্রবীণ ব্যক্তিদের জন্য দক্ষ কেয়ারগিভার নেই। এ বিষয়ে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছি। ডা. রুমানা দৌলা বলেন, কোনো পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য নীতিমালা প্রয়োজন। দেশে রাজধানী কেন্দ্রিক কাজই বেশি হচ্ছে। তবে এই বৃত্তের বাইরে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। সমাজকর্মী হাসান আলী বলেন, প্রবীণ নিবাসের পরিকল্পনা নতুন কিছু নয়। অনেক প্রবীণ নিবাসের প্রকল্প ব্যর্থ হয়। এর পেছনের গল্পটা আমাদের জানতে হবে। সেই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে।

বক্তব্য দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান। ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান, সাবেক সচিব রীতি ইব্রাহীম আহসান, উন্নয়নকর্মী মমতাজ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. বাশিদুল ইসলাম, জন্টা ক্লাবের প্রেসিডেন্ট রেহানা আশরাফ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডিরেক্টর সৈয়দা সারওয়াত আবেদ, জাতিসংঘের সাবেক কর্মকর্তা দুরআফসান চৌধুরী, টাঙ্গাইল শাড়ি কুটিরের ব্যবস্থাপনা পরিচালক মনিরা এমদাদ, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম