নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনার গাড়িতে হামলা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৩:১৪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে তিনি প্রচারপত্র বিতরণের সময় এই হামলার শিকার হন।

তবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ইত্তেফাককে বলেন, সেখানে এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই। এদিকে বিএনপির জেলা সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী রাত ১১টায় ইত্তেফাককে বলেন, ‘এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। মহাসমাবেশ বাঞ্চাল করতেই এমন হামলা।    

স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল বিকালের দিকে সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিলির সময় এই ঘটনা ঘটে। তাহসিনা রুশদীর লুনা স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ায় আট জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে প্রচারপত্র বিলির সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন—উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন ও উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া জানান, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গোয়ালাবাজার এলাকায় কেক কাটছিলেন যুবলীগ নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে হামলা করে। হামলায় যুবলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

 

ইত্তেফাক/ইআ