স. ম. শামসুল আলম
বাবা বলতেন আমি যেন খুব
বড় হই, খুব বড়
কতো বড় সেই ভাবনায়, ভয়ে
চিরকাল জড়সড়।
বাবা বলতেন বড় মানে হলো
একটি মানুষ সমান
তিন থেকে হই ছয় ফুট উঁচু
তবু দিতে পারি প্রমাণ?
বাবা বলতেন ছুঁতে হবে চাঁদ
মেটাতেই হবে তেষ্টা
সারাটা জীবন বাবাকে ছোঁয়ার
করেছি বৃথাই চেষ্টা।
