নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত 

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:৫৭

বান্দরবান নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে ঘটনাটি হয়। 

আহত মুহাম্মদ বেলাল (৩০) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজীরপাড়ার আবুল হাশেমের ছেলে ।

স্থানীয়রা জানান, বুধবার ভোর ৫টার দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার সংলগ্ন ওপারে মিয়ানমার ভূখণ্ডে দুইটি প্রকট শব্দ শোনা যায়। পরে জানা যায়, রামুর কচ্ছপিয়ার বাসিন্দা মুহাম্মদ বেলাল মাইন বিস্ফোরণে পায়ে আঘাত পান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি  করা হয়। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, বুধবার ভোরে বাংলাদেশি বেলাল নামে এক যুবক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে গেলে হঠাৎ দুইটি মাইন বিস্ফোরণ ঘটে। ওই যুবক পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে, কেন আহত বেলাল সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিল তা এখনো জানা যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, এক যুবক মাইন বিস্ফোরণে আহত হওয়ার খবর পেয়েছি। কেন তিনি সীমান্তে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এআই