ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল

হার্ট লাং মেশিন ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৩

সিলেট অফিস

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ‘হার্ট লাং মেশিন’ ঢাকায় ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের ব্যানারে মানববন্ধন পালিত  হয়। মানববন্ধনে বক্তারা ‘হার্ট লাং মেশিন’ ঢাকায় ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করার পাশপাশি স্বাস্থ্যসেবার নামে ভবন নির্মাণ ও সিন্ডিকেট ব্যবসা বন্ধ করার দাবি জানান।

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিমের সূচনা বক্তব্যের মাধ্যমে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অসাধু ডাক্তার ও তাদের মদদপুষ্ট টেকনিশিয়ান সিন্ডিকেটের কূটকৌশলের কারণে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের উন্নত চিকিত্সার জন্য নিয়ে আসা প্রায় কোটি টাকা দামের একমাত্র সরকারি বাইপাস সার্জারির মেশিনটি ফেরত যাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সিলেট জেলা শাখার সভাপতি ধীরেন সিংহ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, উদীচী সভাপতি এনায়েত হোসেন মানিক, ওয়ার্কার্স পার্টির সিলেট শাখার সাধারণ সমপাদক সিকান্দর আলী, বাসদ মার্কসবাদী সিলেট শাখার আহবায়ক উজ্জ্বল রায়, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, চারুশিল্পী সমন্বয় পরিষদের সভাপতি সামছুল বাসিত শেরো, ভূমিসন্তানের সমন্বয়ক আশরাফুল কবির, নাগরিক মৈত্রীর সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় শী, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সোহেল প্রমুখ।