সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সাহাবুদ্দিন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। গ্রেফতারকৃত হচ্ছে শাহ পরান।
অভিযোগে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, জামপুর ইউনিয়নের মাঝেরচর উচ্চ বিদ্যালয়ে তার মেয়ে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে মুকিমপুর গ্রামের পনির হোসেনের ছেলে শাহ পরান ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হানিফাসহ ৩-৪ জন যুবক তাকে দীর্ঘদিন যাবত্ উত্ত্যক্ত করে আসছে। এতে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে ওই ছাত্রী ও তার মায়ের ছবি সংগ্রহ করে কম্পিউটারে এডিটিং করে ফেসবুকে নগ্ন ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
