ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ‘আমরা এমন একটি সময়ে বাস করছি যখন গান্ধীজির আদর্শ ও বাণী তাঁর জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। এখনো তাঁর জীবন ও কর্ম বিশ্বের লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়।’ এ সময় তিনি বাংলাদেশের তরুণদের প্রতি মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ শোভাযাত্রার আয়োজন করে। ভারত সরকার বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালন করছে এবং এরই অংশ হিসেবে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, গান্ধীজির অহিংস ও শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তাঁর দর্শন, আদর্শ ও বাণী তরুণ সমাজ ধারণ করে মানবসভ্যতা ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
