প্রেরণার প্রতীক এক বাংলাদেশি তরুণ

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:২৭

যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ ব্রিটিশ-বাংলাদেশির তালিকায় নাম আছে তার। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছিলেন, ‘পৃথিবীতে প্রেরণার প্রতীক হয়ে আলো ছড়াবে এই তরুণ।’ যে  তরুণকে নিয়ে ব্রাউন এ মন্তব্য করেছেন, তিনি আর কেউ নন— সাবিরুল ইসলাম।  

১৯৯০ সালের ১২ জুলাই জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা। জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বাবার নাম শফিকুল ইসলাম। দাদার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়।

চাচাত ভাইয়ের দোকানের চাকরি হারিয়ে মাত্র ১৪ বছর বয়সে স্কুলের ছয় বন্ধুকে নিয়ে শুরু করেছিলেন ওয়েব ডিজাইনের ব্যবসা। অনেক চেষ্টায় একদিন জুটে গিয়েছিল লন্ডনে যুক্তরাষ্ট্রের মেরিল লিনচ কোম্পানির ওয়েব ডিজাইনের কাজ। সে কাজে আয় দুই হাজার পাউন্ড। তারপর শুধু বদলে যাওয়ার গল্প। তার লেখা কাহিনিতে তৈরি গেম ‘টিন-ট্রাপ্রিনিওর’ যুক্তরাজ্যের ৬৫০টি স্কুলে পাঠ্যসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের খেলতে দেওয়া হয়। পাওয়া যায় বিশ্বের ১৪টি দেশে।

সাবিরুলের সাড়া জাগানো গেমটি এখন পরিচিত হবে ‘মেড ইন বাংলাদেশ’ হিসেবে। বাংলাদেশি খেলোয়াড়দের উপযোগী করে নতুনভাবে তৈরি হচ্ছে এ  গেম। কাজটি করবে দেশের মোবাইল অ্যাপ তৈরির প্রতিষ্ঠান ‘ড্রিম৭১ বাংলাদেশে লিমিটেড’। সম্প্রতি সাবিরুল ও ড্রিম৭১’র মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

সাবিরুল জানান, বোর্ড গেমের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হওয়া ও আর্থিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে টিন-ট্রাপ্রিনিওর গেমটি তৈরি করা হয়েছে।

ইত্তেফাক/এসটিএম