তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন, সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীর স্থাপনাগুলো তাদের 'বৈধ লক্ষ্যবস্তু'। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) শাখায় হামলা চালাতে পারে আঙ্কারা। ইব্রাহিম কালিনের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল-জাজিরা।
সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পিকেকে, পিওয়াইডি, ওয়াইপিজির সামরিক স্থাপনা তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। সেটা তুরস্কে হোক বা সিরিয়ার যে কোন জায়গায় হোক।
ইব্রাহিম কালিন অভিযোগ করে বলেন, পিকেকে, পিওয়াইডি ও ওয়াইপিজি অতীতে নিজেদের রক্ষার জন্য মার্কিন ও সিরিয়ার সরকারি পতাকা ব্যবহার করেছে। আঙ্কারা গত মাসে ইস্তাম্বুলে বোমা হামলার জন্য পিকেকেকে দায়ী করেছে।
তবে সশস্ত্র গোষ্ঠীটি ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিস্ফোরণের কারণে সিরিয়ার সীমান্ত এলাকায় নতুন করে কুর্দি বিরোধী অভিযান শুরু করেছে তুর্কি সরকার।
উল্লেখ্য, তুরস্ক গত কয়েক দশক ধরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে লড়াই করে আসছে। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
আঙ্কারার দাবি, পিকেকে সন্ত্রাসীরা নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষকে হত্যা করেছে। তুরস্ক জানিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র তাদেরকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে, ওয়াশিংটন গোষ্ঠীটিকে সমর্থন করে চলেছে।
