ফরিদপুরের ভাঙ্গায় মা কে নির্যাতনের প্রতিবাদের সময় পুত্র নাঈম ফকির(২০) এর ছুরিকাঘাতে পিতা কিবরিয়া ফকির(৫০) নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম।
নিহতের বড় ভাই সরোয়ার ফকির জানায়, অভাবের সংসারে দীর্ঘদিন ধরে তাদের মা কে নির্যাতন করে আসছিল পিতা কিবরিয়া ফকির। মা কে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করায় ছেলেরা ও প্রতিবেশীরা কিবরিয়া ফকিরকে অনেক বুঝিয়েও কোন ফল হয়নি। আজ শনিবার নাঈম কাজ শেষে বাড়ি ফিরে মা কে নির্যাতন করতে দেখে প্রতিবাদ করে। এসময় পিতা পুত্রের বাকবিতন্ডা মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে পুত্র নাঈম ছুরি দিয়ে পিতাকে একাধিক স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পালিয়ে যায় নাঈম ফকির।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পরিদর্শন করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান পুত্রের হাতে পিতার খুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক পুত্রকে আটকের চেষ্টা করছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
