ভারতের বিমানে মিললো সাপ, তদন্তের নির্দেশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের মালামাল রাখার জায়গায় একটি সাপের সন্ধান পাওয়া গেছে। শনিবার (১০ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাপটি পাওয়া যায়। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। এ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কালিকট বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি-৭৩৭-৮০০ বিমানটি। দুবাই বিমানবন্দরে অবতরণ পরই জানা যায় বিমানের কার্গোতে দেখা মিলেছে সাপের। সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ছুটে আসেন বিমানবন্দরের কর্মকর্তার ও ফায়ারসার্ভিস বিভাগ। সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ভারতের ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) জানায়, দুবাই বিমানবন্দরে বিমানের কার্গো হোল্ডে একটি সাপের সন্ধান পাওয়া গেছে। বিমানবন্দরের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টিকে রক্ষণাবেক্ষণের ত্রুটি হিসাবেই অভিহিত করেছে ডিজিসিএ। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজ

এদিকে, এ ঘটনায় ক্ষোভ জানিয়ে একজন যাত্রী টুইটারে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, উড়োজাহাজে সাপ পাওয়ায় সাত ঘণ্টা ধরে দুবাই বিমানবন্দরে আটকে আছেন তারা। তার ফ্লাইট কখন ছাড়বে, সে ব্যাপারে তথ্য দিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। জবাবে এয়ার ইন্ডিয়া ওই যাত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছে।

ইত্তেফাক/এএইচপি