আজ বাদে কালই তাদের সেমিফাইনাল মহারণ। মুখোমুখি হতে কাতার বিশ্বকাপে এরই মধ্যে রূপকথার গল্প লিখে ফেলা মরক্কোর। যারা হার তো দূরের কথা, কাতার বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনো একটা গোলও খায়নি! কানাডার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে একবার যে বল মরক্কোর জাল ছুঁয়েছে, সেটি মরক্কোরই ডিফেন্ডার আগুয়ের্ডের পায়ে লেগে। মানে গোলটা আত্মঘাতী। এমন একটা বিস্ময় জাগানিয়া দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল, ফ্রান্স কোচ তাই বাড়তি সতর্ক।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ও তার দল সেমিফাইনাল নিয়ে কতটা সতর্ক, তা একটি তথ্যেই স্পষ্ট। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে স্নায়ুক্ষয়ী কোয়ার্টার ফাইনাল খেলার পর দিনই তারা নেমে পড়ে অনুশীলনে। কিন্তু সাধারণ দর্শকরা তো দূরের কথা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া নামিদামি সাংবাদিকরাও কিলিয়ান এমবাপ্পে, আতোইন গ্রিজমান, অলিভিয়ের জিরুদদের অনুশীলন দেখতে পারেননি। ফরাসিরা অনুশীলন যে করেছে বদ্ধ দুয়ারে। অনুশীলনে নামার ঘণ্টা চারেক আগেই ফ্রান্স শিবির থেকে আদেশ জারি করা হয়, অনুশীলনে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। কেন? রণকৌশল ফাঁস হওয়ার ভয়ে! দলকে কোন কৌশলে অনুশীলন করাচ্ছেন, প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে নিয়ে তাদের পরিকল্পনা কী, সেসবের কোনো কিছুই যাতে বাইরের কেউ জানতে না পারে, সেজন্যই এমন তালাবদ্ধ হয়ে নিজেদের ঝালিয়ে নেওয়া।
