দীর্ঘদিন ধরে রংপুর সিটি করপোরেশন ও সদর আসনে নৌকা মার্কার জনপ্রতিনিধি না থাকায় জনগণ উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। তাই এবার সিটি নির্বাচনে নৌকায় ভোট দিতে নগরবাসী এক জোট হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুত্ফা ডালিয়া। অন্যদিকে রংপুর নগরীকে একটি ক্লিন সিটি হিসেবে গড়তে তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্যবিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল বুধবার পৃথক গণসংযোগকালে বড় দুই দলের মেয়র প্রার্থীরা এসব প্রত্যাশার কথা বলেন।
দুপুরে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর গুদরিবাজার ও সুপার মার্কেট এলাকায় গণসংযোগে এসে মেয়র প্রার্থী ডালিয়া বলেন, আমি প্রতিদিন পাড়া মহল্লার পাশাপাশি বিভিন্ন বাজার, মার্কেটে গণসংযোগে গিয়ে নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী ২৭ ডিসেম্বর বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার প্রমুখ।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে শিল্প কারখানা না থাকায় এই অঞ্চলের কৃষিনির্ভর মানুষ অন্য মৌসুমে ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। এই মানবিক কারণেই এগুলো বন্ধ করা সম্ভব হয় না। দুপুরে নগরীর মর্ডানমোড় এলাকায় গণসংযোগ কালে যানজট নিরসনে নেওয়া পদক্ষেপের ব্যাপারে তিনি এসব কথা বলেন। সাবেক মেয়র বলেন, নগরীর যতগুলো সমস্যা আছে তা মোটামুটি সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে সেগুলো বাস্তবায়ন হলে আর সমস্যা থাকবে না। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী মিলনের ইশতেহার ঘোষণা : নির্বাচনে হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বেলা ১১টার দিকে নগরীর গুপ্তপাড়ায় প্রধান নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দুর্নীতিমুক্ত, আধুনিক, পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব মহানগরী গড়ার অঙ্গীকার করে উন্নয়নের ১৭ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন।
প্রসঙ্গত, মিলন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি পদে থেকে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বর্তমানে রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
