বিশ্ব ক্রিকেটের প্রায় সব দলে ভিন্ন ফরম্যাটে ভিন্ন নেতৃত্বের ছোঁয়া লেগেছে অনেক আগে। তবে আধুনিক ক্রিকেটের এই ভিন্নতার ছোপ্যা যেন এতদিনে লেগেও লাগেনি নিউজিল্যান্ডের ক্রিকেটে। কেন উইলিয়ামসনের মতো একজন নেতা থাকতে কোন ফরম্যাটেই আলাদা নেতৃত্বের কথা ভাবতে হয়নি কিউইদের। তিন ফরম্যাটেই ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব ছিলো উইলিয়ামসনের কাঁধে। অবশেষে টেস্টের নেতৃত্ব ছেড়ে দিলেন অন্যতম নিউজিল্যান্ডের সফল এই অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে সাদা পোশাকের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে কিউইরা মাঠে নামবে টিম সাউদির নেতৃত্বে। টেস্টের দায়িত্ব ছাড়লেও ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অবশ্য নেতৃত্ব চালিয়ে যাবেন উইলিয়ামসন।
টেস্ট নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই জীবনের এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং দুপক্ষই অনুভব করেছি সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য বেশি উপযুক্ত হবে।’
টেস্ট নিউজিল্যান্ডের সফলতম অধিনায়কদের ভেতর উপরের দিকেই থাকবে উইলিয়ামসনের নাম। গত বছর উইলিয়ামসনের নেতৃত্বে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলো ব্ল্যাকক্যাপসরা। সফলতা পাওয়ার পরও নিজে নেতৃত্ব ছেড়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়াটাই ভালো মনে করেই নেতৃত্ব ছাড়লেন উইলিয়ামসন।
