শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে দেশের শতাধিক শিল্পীর আর্ট ক্যাম্প ও নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পী রফিকুন নবী, হাসেম খান, শিশির ভট্টাচার্য ও নেসার হোসেনসহ শতাধিক গুণী শিল্পী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বর্ণিল আর্ট ক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসুদ আল নূরসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টি, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
