পাথর কোয়ারি চালুর দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১০:৪৭

সিলেটের জাফলং, শ্রীপুর, বিছনাকান্দিসহ সকল পাথর কোয়ারি চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে  জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী তামাবিল নলজুরীতে পাথর শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারণ। তামাবিল ও জাফলং সড়কে শনিবার (১৭ ডিসেম্বর) দুঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। 

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেটে বন্ধ থাকা সকল পাথর কোয়ারি সচল করতে স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে জোর দাবি জানান। 

সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বেকার হয়ে পড়া হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের নির্মাণ শিল্পে পাথর ব্যবহার এবং অর্থনৈতিক উন্নয়নে বন্ধ থাকা পাথর কোয়ারি থেকে পাথর আহরণ করার ব্যবস্থা করতে স্থানীয় সংসদ সদস্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সহায়তা কামনা করা হয়।  

চলতি মাসে জাফলং, শ্রীপুর, বিছনাকান্দিসহ সকল বন্ধ থাকা পাথর কোয়ারি সরকারিভাবে ইজারা অথবা রাজস্ব আদায় করে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে।

মানববন্ধনে জাফলং, শ্রীপুরসহ সকল কোয়ারি থেকে পাথর আহরণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। 

ইত্তেফাক/আরএজে