লালপুরে পুরনো গরম কাপড়ের দোকানে ভিড়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৬:৩২

পৌষ মাসের শুরুতেই শীত জেঁকে বসেছে নাটোরের লালপুর উপজেলায়। মধ্যরাত থেকে সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকছে গোটা এলাকা। শনিবার (১৮ ডিসেম্বর) রাতের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস ও রবিবার দিনের তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।  

কনকনে শীতের তীব্রতা থেকে বাঁচতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা ভিড় জমাচ্ছেন ফুটপাতের পুরাতন গরম কাপড়ের দোকানে। রবিবার দুপুরে উপজেলার গোপালপুর পৌরএলাকার কড়ইতলার পুরনো গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আকার ও মান ভেদে প্রতিটি পুরাতন সোয়েটার, জ্যাকেট বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৫০০ টাকায়। টুপি ৫০ টাকা, পা মোজা ১৫-২০ টাকা জোড়া ও মাফলার ১০০ টাকায়। এখানে পুরনো চাদর, কম্বলও রয়েছে। 

পুরনো গরম কাপড় বিক্রেতা সোহেল বলেন, দু’দিন ধরে শীত বেড়ে যাওয়ায় মাফলার, সোয়েটার ও জ্যাকেট বিক্রি বেড়েছে। পা মোজা, টুপিও বিক্রি হচ্ছে বেশ। পুরুষের পাশাপাশি নারীরাও আসছেন দোকানে। বিকালের দিকে ভিড় হচ্ছে বেশি। 

লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, শিগগরই উপজেলার দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক বলেন, ইতোমধ্যেই উপজেলায় ৫ হাজার সরকারী কম্বল এসে পৌঁছেছে। শিগগরই তা শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

 

ইত্তেফাক/এআই