গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কর্তৃক আয়োজিত সার্ক ইয়ুথ লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের মেয়ে ফারিয়া আকবর। নারী উদ্যোক্তা হিসেবে কাজের স্বীকৃতি স্বরূপ উক্ত সম্মাননায় ভূষিত হন তিনি।
কাঠমুন্ডুতে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টে এই সম্মাননা পান তিনি। এবছর বাংলাদেশ থেকে উদ্যোক্তা ক্যাটাগরিতে এওয়ার্ড পান ফারিয়া।
ফারিয়া আকবর একজন সফল উদ্যোক্তা, তিনি পরিচালক হিসেবে যুক্ত আছেন সেভেন সিজ শিপিং লাইনে। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহিলা চেম্বার অফ কমার্সেরও সদস্য। ফারিয়া এই প্রাপ্তি তার সকল নারী সহকর্মীকে উৎসর্গ করেন।
সম্মাননার বিষয়ে ফারিয়া বলেন, ব্যবসা ক্ষেত্রে নারীদের কাজের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। এধরনের স্বীকৃতি নারীদের এগিয়ে যেতে আরও সাহায্য করবে।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেন্দ্র বসনেথ, নেপাল ন্যাশনাল ইয়ুথ কাউন্সিলর, ইয়ুথ এন্ড স্পোর্টস মন্ত্রণালয়। তার সাথে ছিলেন ইউনেস্কো নেপাল ইয়ুথ প্রধান সবিন লামিচানি, বাসু গৌতম,(প্রেসিডেন্ট, লুমবিনি ওয়ার্ল্ড পিস ফোরাম) কৈলাশ শ্রেষ্ঠা (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইউ ওয়াই পি) প্রমুখ সম্মানিত ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, সার্ক ইয়ুথ লিডার এওয়ার্ড মূলত সার্ক এর আওতাধীন দেশ নেপাল এবং বাংলাদেশ হতে তরুণ নেতা, উদ্ভাবক, শান্তিকর্মী, যুবকর্মীদের একটি প্ল্যানফর্ম। প্রতি বছর যারা যুব নেতৃত্ব, শান্তি, অহিংসা, উদ্ভাবন, সামাজিক ন্যায়বিচার, ক্ষমতায়ন, মানবাধিকার, উদ্যোক্তা, পর্যটন, এসডিজি এবং গণতন্ত্রের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন তাদের এই সম্মাননা দ্বারা স্বীকৃতি প্রদান করা হয়।
