গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গণপিটুনিতে কথিত গরু চোর নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ভাঙ্গামোড় (যুগিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজার রহমান (৫০) সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের সলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ছিনতাইয়ের মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, রাত আড়াইটার দিকে ওই গ্রামের নুরু মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে কয়েকজন চোর তিনটি গরু বের করে বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জমিতে নিয়ে যেতে না যেতেই গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে গরু তিনটি ছেড়ে দিয়ে পি-কাপ-ভ্যান নিয়ে কয়েকজন চোর পালিয়ে যায়। তবে হাফিজার নামে এক চোরকে জনগণের হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এর আগে চোরের দল আরও একটি বাড়িতে চুরি করে স্বর্ণ অলংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ করে স্থানীয়রা।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, চোরের দলের কয়েকজন পিকাপ ভ্যানটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় তিনজন পথচারীকে চাপা দেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
