গাইবান্ধার সাঘাটা উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন মা তাহেরা বেগম (৪৫)। গত শনিবার রাতে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তাহেরা ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। গতকাল রবিবার সকালে নেশাগ্রস্ত ছেলে আবুল কালাম আজাদকে (২৬) বাড়ির অদূরে পরিত্যক্ত একটি মেশিন ঘর থেকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারাজুলের ছেলে আবুল কালাম নেশার টাকা না পাওয়ায় তার মা তাহেরা বেগমকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাহেরাকে উদ্ধার করে। পরে তাকে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
সাঘাটা থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা করেছেন। গতকাল খুনি ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
